বুধবার ● ৭ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » অর্থনীতি » পোশাক শ্রমিকের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি
পোশাক শ্রমিকের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি
বাংলাদেশের অর্থনীতি ও রপ্তানি বাণিজ্যে তৈরি পোশাক খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের বৈদেশিক মুদ্রা অর্জন এবং কর্মসংস্থানে এ শিল্পের অবদান অনস্বীকার্য। অথচ এই শিল্পের প্রধান চালিকাশক্তি শ্রমিকরা এখনো জীবনযাত্রার ব্যয় ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মজুরি থেকে বঞ্চিত।
এ অবস্থায় বর্তমান বাজারদর, জীবনযাত্রার ব্যয় এবং শ্রমিকদের বাস্তব আর্থসামাজিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে পোশাক শিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছেন বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি শ্রমিক নেতা অরবিন্দু বেপারী বিন্দু।
এক বিবৃতিতে তিনি বলেন, শ্রমিকদের জীবনমান ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বিবেচনায় নিয়ে সময়োপযোগী মজুরি কাঠামো নির্ধারণ করা এখন জরুরি। সরকার চলতি অক্টোবর মাসে নতুন মজুরি বোর্ড গঠনের বিষয়ে যে উদ্যোগের কথা জানিয়েছে, তাকে তিনি স্বাগত জানান।
অরবিন্দু বেপারী বিন্দু বলেন, মজুরি বোর্ড গঠনের পর সরকার, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য সিদ্ধান্ত নিতে হবে। শ্রমিকদের ন্যায্য দাবি বিবেচনায় নিয়ে এমন একটি মজুরি কাঠামো নির্ধারণ করা প্রয়োজন, যাতে শ্রমিকরা বর্তমান বাজার পরিস্থিতিতে সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন এবং একই সঙ্গে পোশাক শিল্পের স্থিতিশীলতাও বজায় থাকে।
তিনি আরও বলেন, মজুরি বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে বিভিন্ন শ্রমিক সংগঠন রাজপথে কর্মসূচি পালন করে থাকে। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার রয়েছে। তবে শ্রমিকদের ন্যায্য আন্দোলনকে কেন্দ্র করে কোনো তৃতীয় পক্ষ যাতে শিল্প খাতে অস্থিতিশীলতা সৃষ্টি, নাশকতা বা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করতে না পারে, সে বিষয়ে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শ্রমিক নেতা অরবিন্দু বেপারী বিন্দু বলেন, শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হওয়া উচিত। একই সঙ্গে মালিকপক্ষকেও শ্রমিকদের যৌক্তিক দাবির প্রতি সংবেদনশীল হতে হবে।
তিনি বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং পোশাক শিল্পের সুস্থ পরিবেশ নিশ্চিত করতে সরকার, মালিক ও শ্রমিকদের মধ্যে পারস্পরিক আস্থা ও দায়িত্বশীল সংলাপ প্রয়োজন। শ্রমিকদের যৌক্তিক দাবিনামা বাস্তবায়নের লক্ষ্যে বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন শ্রমিকদের সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবে।




কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
পর্যটন খাতকে টেকসই ও অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে : পর্যটন মন্ত্রী
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
চট্টগ্রামে অত্যাধুনিক উৎপাদন কারখানা নিয়ে গ্রাসহপার বিল্ডিং ম্যাটেরিয়ালস সম্প্রসারিত হলো
বাজেট স্বপ্নহীন যাত্রার নৈরাশ্যজনক বয়ান
মধ্যপাড়া পাথর খনি এক মাস বন্ধের পর উত্তোলন শুরু
ঈশ্বরগঞ্জে জাতীয় বীমা দিবস পালিত
ইসলামী ব্যাংক এর এজেন্ট ব্যাংকিং ভূষণছড়া বাজার শাখার উদ্বোধন
দোকান ব্যবসায়ীদের সমন্বয় মিটিংএ আলাউদ্দিন আহমেদ 