শনিবার ● ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
মো. সোহেল রানা, রাঙামাটি জেলা প্রতিনিধি :: পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিনের সমস্যা নিরসন, সব জাতিগোষ্ঠীর সাংবিধানিক অধিকার নিশ্চিত, সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষা এবং বৈষম্যহীন স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিনটি বিশেষ উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। এ উদ্যোগকে ঐতিহাসিক ও যুগান্তকারী পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রাঙামাটি শহরের কাঁঠালতলীর মৃধা ভবনে পিসিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানায় সংগঠনটি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পিসিএনপির নেতৃবৃন্দ বলেন, পার্বত্য চট্টগ্রামের স্থায়ী শান্তি, সম্প্রীতি, নিরাপত্তা ও সুষম উন্নয়ন নিশ্চিত করতে সরকার ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি’, ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক নির্বাহী কমিটি’ এবং ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক পরামর্শক কমিটি’ গঠন করেছে। পাহাড়ের দীর্ঘদিনের সমস্যা সমাধানে সরকারের এ উদ্যোগ নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে বলে তারা মন্তব্য করেন।
নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতার ৫৫ বছরের ইতিহাসে পার্বত্য চট্টগ্রামের সাধারণ মানুষের অধিকার, নিরাপত্তা ও উন্নয়নকে সামনে রেখে এমন বহুমাত্রিক কাঠামো গঠনের উদ্যোগ অতীতে দেখা যায়নি। তিন স্তরের এসব কমিটি সমন্বিতভাবে কার্যকর ভূমিকা রাখলে পাহাড়ের দীর্ঘদিনের সমস্যা চিহ্নিত ও সমাধানের পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডে ভারসাম্য এবং জননিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।
পিসিএনপির নেতারা আরও বলেন, পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার জন্য শুধু উন্নয়ন নয়, প্রয়োজন সব সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক আস্থা, সাংবিধানিক অধিকার ও নিরাপদ সহাবস্থান নিশ্চিত করা। নতুন কমিটিগুলো দায়িত্বশীল ও কার্যকরভাবে কাজ করলে পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথ আরও সুগম হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে নেতৃবৃন্দ বলেন, “পার্বত্য চট্টগ্রামে ধর্ম-বর্ণ ও জাতিগোষ্ঠী নির্বিশেষে সকলের সাংবিধানিক অধিকার, নিরাপত্তা ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা পাহাড়ের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পিসিএনপি রাঙামাটি জেলা শাখার সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের (পিসিসিপি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য মো. হাবীব আজম, পিসিসিপি রাঙামাটি জেলা সভাপতি তাজুল ইসলাম তাজ, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনসহ পিসিএনপি ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলন শেষে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সময় ও সহযোগিতার জন্য আয়োজকদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।




শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে
রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে
কাউখালীতে যুব দিবস পালিত
খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন 