বৃহস্পতিবার ● ৬ আগস্ট ২০২৬
প্রথম পাতা » ছবি গ্যালারী » ঝালকাঠিতে বিএনপির সাংগঠনিক সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা
ঝালকাঠিতে বিএনপির সাংগঠনিক সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা
গাজী গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠির সদর উপজেলার ৫ নং কীর্তিপাশা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যানের উপস্থিতি ও ফুলের শুভেচ্ছা বিনিময়কে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার আবদুর রহিম মিয়ার উপস্থিতি এবং বিএনপির নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। বিএনপির এক গ্রুপ বলছে এর পেছনে কয়েক লাখ টাকার লেনদেন হয়েছে।
বুধবার বিকেল ৫টায় কীর্তিপাশা ইউনিয়ন পরিষদের সভাকক্ষে সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সভাপতি এস এম এজাজ হাসান। সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনিসুজ্জামান চপল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শরিফুল হক মিয়া।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. খোকন মল্লিক, প্রচার সম্পাদক আজিজুল হক এবং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান। সভায় ইউনিয়নের নয়টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক নিজ নিজ এলাকার সাংগঠনিক কার্যক্রমের বিভিন্ন বিষয় তুলে ধরেন। তবে সভার আনুষ্ঠানিক কার্যক্রমের বাইরে সবচেয়ে বেশি আলোচনায় আসে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার আবদুর রহিম মিয়ার উপস্থিতি। তিনি উপজেলা বিএনপির সভাপতি এস এম এজাজ হাসান, সাধারণ সম্পাদক মো. খোকন মল্লিকসহ অন্য নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপরই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। সমালোচকদের দাবি, অতীতে তাঁকে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে তাঁর একাধিক ছবিও ছড়িয়ে পড়েছে। এর পরিপ্রেক্ষিতে অনেকেই তাঁর বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে স্থানীয় বাসিন্দাদের একটি অংশ বলছেন, ইঞ্জিনিয়ার আবদুর রহিম মিয়া দলীয় প্রতীকে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘আনারস’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হয়েছিলেন। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
এ বিষয়ে ইঞ্জিনিয়ার আবদুর রহিম মিয়া বলেন, ‘আমার বাবা ও দাদাসহ পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি এবং সব সময় মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি।’
তিনি আরও বলেন, ‘আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস করি। ভবিষ্যতে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার আগ্রহ রয়েছে। বিগত দিনে বাধ্য হয়ে আমির হোসেন আমুর প্রোগ্রামে যেতে হয়েছে।
এদিকে, উপজেলা বিএনপির সভাপতি এস এম এজাজ হাসান বলেন, ‘কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বর্তমানে বিএনপিতে নতুন সদস্য অন্তর্ভুক্তি বা যোগদানের কোনো সুযোগ নেই। ইউনিয়ন পরিষদে বিএনপির সভা হওয়ায় সৌজন্যতাবশত ইউপি চেয়ারম্যান রহিম মিয়া আমাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।
এজাজ হাসানের ভাষ্য, এটি ছিল বিএনপির একটি নিয়মিত সাংগঠনিক সভা এবং দলের নীতিমালার বাইরে কোনো কার্যক্রম পরিচালিত হয়নি।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই ঘটনাকে ঘিরে কীর্তিপাশার রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত মিলছে। বিশেষ করে স্থানীয় জনপ্রতিনিধিদের রাজনৈতিক অবস্থান নিয়ে যে আলোচনা শুরু হয়েছে, তার প্রভাব আগামী দিনের রাজনীতি ও ইউপি নির্বাচনে পড়তে পারে।
ঝালকাঠি সদর পৌরসভার নাগরিক সংলাপ অনুষ্ঠিত
ঝালকাঠি :: ঝালকাঠিকে দেশের অন্যতম সাংস্কৃতিক, পর্যটন, ক্রীড়া ও স্বাস্থ্যসেবার কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানানো হয়েছে ঝালকাঠি সদর পৌরসভার নাগরিক সংলাপে। এ সময় সাংস্কৃতিক হাব, ক্রীড়া পল্লী, বাসন্ডা সেতু, ২৫০ শয্যার হাসপাতাল এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজের ক্যাম্পাস স্থাপনের পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার।
বৃহস্পতিবার ৬ আগস্ট বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে ঝালকাঠি পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত হয় সদর পৌরসভার সমস্যা, সম্ভাবনা ও নাগরিক সেবার মানোন্নয়ন বিষয়ক নাগরিক সংলাপ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মো. শাহাদাত হোসেন, পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মামুন আল ইসলাম এবং সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর।
সংলাপে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঝালকাঠি পৌরসভার প্রশাসক জুলিয়া সুকায়না।
এ সময় পৌর এলাকার নাগরিক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। বক্তারা পৌরসভার সড়ক, ড্রেনেজ, বর্জ্য ব্যবস্থাপনা, বিশুদ্ধ পানি, পরিচ্ছন্নতা এবং নাগরিক সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন,”আমরা সংস্কৃতিকে মনিটাইজ করতে চাই। ঢাকার বাইরে প্রথম সাংস্কৃতিক হাব হবে ঝালকাঠিতে। ৮৪ একর জায়গাজুড়ে ইকোপার্ক, অপেরা হাউস, থিয়েটার, কনভেনশন সেন্টার, কুটির শিল্প ও পর্যটনকেন্দ্র গড়ে তোলা হবে। প্রথম ধাপে ১৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।”
তিনি জানান, এই প্রকল্পের মাধ্যমে বরিশাল বিভাগের ছয় জেলার সংস্কৃতি, ঐতিহ্য ও কুটিরশিল্প এক জায়গায় তুলে ধরা হবে। পাশাপাশি ব্যাকওয়াটার ট্যুরিজমের মাধ্যমে ঝালকাঠিকে দক্ষিণাঞ্চলের অন্যতম পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
তিনি আরো বলেন,”দেশের কয়েকটি ক্রীড়া পল্লীর মধ্যে একটি হবে ঝালকাঠিতে। ইতোমধ্যে ১৬ একর জমি নির্ধারণ করা হয়েছে। এখানে ইনডোর-আউটডোর স্টেডিয়াম, সুইমিংপুল ও প্রশিক্ষণ সুবিধাসহ আধুনিক ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ করা হবে।”
সংলাপে তিনি আরও জানান, নদীভাঙন রোধ ও নদীশাসনের মাধ্যমে নদীকেন্দ্রিক পর্যটন ও বিনোদনের ব্যবস্থা গড়ে তোলা হবে। এছাড়া ঝালকাঠির বহুল প্রতীক্ষিত বাসন্ডা সেতুর নকশাগত জটিলতা কাটিয়ে দ্রুত দরপত্র আহ্বান এবং নির্মাণকাজ শুরু করা হবে।
ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, “চলতি মাসের শেষ দিকে অথবা নভেম্বরের শুরুতে ঝালকাঠি সদর হাসপাতাল ২৫০ শয্যায় পূর্ণাঙ্গভাবে চালু হবে। পাশাপাশি গাবখান সেতুর পূর্ব পাশে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ঝালকাঠি ক্যাম্পাস এবং ভবিষ্যতে পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।”
সংলাপ শেষে অংশগ্রহণকারীদের মতামত ও সুপারিশের ভিত্তিতে ঝালকাঠি পৌরসভাকে আরও আধুনিক, বাসযোগ্য, পরিবেশবান্ধব ও জনবান্ধব নগরীতে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
ঝালকাঠি খাদ্য গুদামে চালের গুণগত মান পরিদর্শন করেছেন এসএম জিয়া উদ্দিন হায়দার
ঝালকাঠি :: ঝালকাঠি গ্রেড-১ এলএসডি (লোকাল সাপ্লাই ডিপো) খাদ্য গুদাম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এসএম জিয়া উদ্দিন হায়দার। বৃহস্পতিবার দুপুরে পালবাড়ি এলাকায় খাদ্য গুদামে সরকারি বরাদ্দের চালের গুণগত মান পরিদর্শন করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) শফি উদ্দিন আহম্মদ,সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা (এসএমও) আব্দুল্লাহ আল মামুন, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদার ও জেলা যুবদলের আহ্বায়ক মো. শামিম আহমেদ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে এসএম জিয়া উদ্দিন হায়দার বলেন, গুদামে সংরক্ষিত চালের মান সন্তোষজনক। বিভিন্ন মাদরাসা ও স্কুলে সরকারি বরাদ্ধকৃত চালে মান নিয়ে অভিযোগের বিষয় দেখা দিলে গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। যাতে দরিদ্র মানুষ ও বিভিন্ন প্রতিষ্ঠানে মানসম্মত চাল পৌঁছায় সে জন্য সরকার গুরুত্বের সাথে কাজ করছে।
ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন সংস্কারের দাবিতে মানববন্ধন
ঝালকাঠি :: ঝালকাঠির নলছিটিতে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সঞ্চালন লাইন দ্রুত সংস্কার এবং প্রয়োজনীয় স্থানে নতুন খুঁটি স্থাপনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় নলছিটি ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। দপদপিয়া ইউনিয়নের ভরতকাঠি এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রায় ৭০টি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যসহ স্থানীয়রা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী বাসিন্দা লোকমান হোসেন, সজীব হোসেন, নাইম হোসেন এবং বালী তাইফুর রহমান তূর্য।
বক্তারা বলেন, দপদপিয়াসহ উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সঞ্চালন লাইন সংস্কার না করায় জননিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়েছে। বর্ষাকালে বিদ্যুতের তারে লিকেজ হয়ে গাছপালা বিদ্যুতায়িত হচ্ছে, ফলে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। অনেক স্থানে বিদ্যুতের খুঁটি না থাকায় গাছের সঙ্গে তার বেঁধে সংযোগ দেওয়া হয়েছে, যা যেকোনো সময় বড় ধরনের প্রাণহানির কারণ হতে পারে।এ সময় তারা পৌরসভার কান্ডপাশা, শংকরপাশা, দক্ষিণ গৌড়িপাশা ও নান্দিকাঠী এলাকার ঝুলে থাকা ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সঞ্চালন লাইন দ্রুত সংস্কার এবং প্রয়োজনীয় স্থানে নতুন খুঁটি স্থাপনের দাবি জানান।
মানববন্ধন শেষে নলছিটি ওজোপাডিকোর আবাসিক প্রকৌশলী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর স্মারকলিপি দেন।
এ বিষয়ে নলছিটি ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আবাসিক প্রকৌশলী ইঞ্জিনিয়ার সুব্রত মালাকার বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি তারা দেখবেন।
১১ দফা দাবিতে ঝালকাঠিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
ঝালকাঠি :: : গ্যাস সংকট নিরসন, ভয়াবহ লোডশেডিং বন্ধ, বিদ্যুতের মূল্য বৃদ্ধি প্রত্যাহার, ভুতুড়ে বিদ্যুৎ বিল আদায় বন্ধ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণসহ ১১ দফা দাবিতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছে ১১ দলীয় ঐক্যজোট।
বৃহস্পতিবার ৬ আগস্ট সকাল ১০টায় ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি প্রধানমন্ত্রীর উদ্দেশে প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাই, সদর উপজেলা আমীর মাওলানা মনিরুজ্জামান তালুকদার, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম বাবুসহ ১১ দলীয় ঐক্যজোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ বলেন, দেশের সাধারণ মানুষ গ্যাস সংকট, বিদ্যুৎ সমস্যা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বিভিন্ন জনদুর্ভোগে চরম ভোগান্তির শিকার হচ্ছে। এসব সমস্যা দ্রুত সমাধানে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।
নেতৃবৃন্দ অবিলম্বে ১১ দফা দাবি বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, দাবি পূরণে দ্রুত পদক্ষেপ গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।




ঈশ্বরগঞ্জে বাড়ি ঘরে হামলা ভাংচুর হত্যার চেষ্টা
কাউখালীতে জুলাই গণ অভ্যুথান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা
রাবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের ১২তম সভা অনুষ্ঠিত
রাঙামাটির কল্যাণপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে দুই দোকান পুড়ে ছাই
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
পর্যটন খাতকে টেকসই ও অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে : পর্যটন মন্ত্রী
অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর
তাহসিনা রুশদীর লুনা এমপি’র সাথে ট্রাস্টিবৃন্দের সাক্ষাৎ
নির্যাতন এবং এক লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ : খাগড়াছড়ি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন 