রবিবার ● ২৬ জুলাই ২০২৬
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন
খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন
খাগড়াছড়ি প্রতিনিধি :: “বৃক্ষরোপণে সাজাই দেশ-সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। ২৩জুলাই(বৃহস্পতিবার) সকালে খাগড়াছড়ি পৌর টাউন হল প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধন উপলক্ষে টাউন হল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে বৃক্ষমেলার উদ্বোধন করেন।
উদ্বোধনের পর অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং প্রদর্শিত বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধক গাছের চারা পরিদর্শন করেন। এবারের মেলায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ২৫টি স্টল অংশগ্রহণ করেছে।
খাগড়াছড়ি বন বিভাগ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত সপ্তাহব্যাপী এ কর্মসূচিতে জেলার বিভিন্ন স্থানে বিনামূল্যে ৬৮ হাজার বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হবে। পরিবেশ সংরক্ষণ, বনায়ন সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনগণকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করাই এ উদ্যোগের মূল লক্ষ্য বলে জানানো হয়।
পরে টাউন হল সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া বলেন, “প্রকৃতি ও বন উজাড় করে পাহাড় কাটতে কাউকে ছাড় দেওয়া হবে না। সে যতই ক্ষমতাবান বা প্রভাবশালী হোক না কেন, আইন ভঙ্গ করলে তাকে আইনের আওতায় আনা হবে।”
তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়তে প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে। বন রক্ষা ও অবৈধ পাহাড় কাটা প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে খাগড়াছড়ি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিয়া, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, পরিবেশকর্মী এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধনী দিনের কর্মসূচি শেষ হয়। সপ্তাহব্যাপী চলা এ বৃক্ষমেলায় প্রতিদিন বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রদর্শন, বিক্রয় এবং বিনামূল্যে বিতরণের পাশাপাশি পরিবেশ সংরক্ষণবিষয়ক সচেতনতামূলক কার্যক্রমও পরিচালিত হবে।




জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন
শেষ বিদায়ের বন্ধু’র নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা
রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন 